
উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত খবর– ২৪ অগাস্ট,২০২৫।
বিজ্ঞান ও মুক্তিবাদী সমিতির লোকেরা গ্রামবাসীকে সচেতন করছেন।
কুসংস্কার কাটাতে শিবির
শামুকতলা, ২৪ অগাস্ট। বিভিন্ন রাসায়নিকের সাহায্যে কী কী ভাবে আগুন ধরতে পারে, সেটা হাতেকলমে রবিবার বোরাগাড়ি গ্রামের বাসিন্দাদের দেখালেন বিজ্ঞানমঞ্চের কর্মীরা। এই গ্রামের বাসিন্দা দুর্লভ বিশ্বাসের বাড়িতে মাঝে মাঝেই আগুন জ্বলে উঠছিল। শনিবার ওই রহস্য আগুনের কারণ হিসেবে বাতাসের সঙ্গে মিথেন গ্যাসের বিক্রিনয়ার কথা বলেছিলেন বিজ্ঞানমঞ্চের সদস্যরা। আতঙ্ক কমাতে এদিন আলিপুরদুয়ার জেলা বিজ্ঞানমঞ্চের কর্মীরা শামুকতলা থানার ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়তের অন্তর্গত, ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের সামনে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে কীভাবে সহজেই আগুন ধরানো যায়, সেটা হাতেকলমে দেখান।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাখার সভাপতি পঙ্কজ ধর চৌধুরী, সম্পাদক বিমান সরকার, সদস্য প্রশান্ত সরকার ও অনুষ্কা দাস। এই কর্মসূচিতে গ্রামবাসীদের কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করা হয়। দুর্লভের বাড়িতে আগুনের পিছনে কোনও অলৌকিক ঘটনা নেই, এর কারণ বাতাসের সঙ্গে মিথেনের বিক্রিয়া- এই কথা তাঁরা বারবার গ্রামবাসীদের বোঝান।
স্থানীয় বাসিন্দা জয়ন্ত দাস বলেন, ‘বিজ্ঞানমঞ্চের কর্মীরা আজ যেভাবে আগুন ধরানোর কারণ বোঝালেন এবং হাতেকলমে দেখালেন, তার ফলে ভয় অনেকটা কাটবে।’
গত কয়েকদিনে বারবার এই গ্রামের বাসিন্দা দুর্লভের বাড়িতে আগুন জ্বলে উঠছিল। ‘আতঙ্কিত দুর্লভ জানান, এর আগেও গত বছর তাঁর বাড়িতে এরকম ঘটনা ঘটেছিল। শনিবার আতঙ্কিত এই পরিবার এই বিপদ থেকে রক্ষা পেতে বলরামপুরের এক তান্ত্রিককে ডেকে এনেছিল। এদিনের সচেতনতা কর্মসূচি গ্রামবাসী এবং এই পরিবারের আতঙ্ক কাটাতে সহায়ক হবে।



